অগ্রণী ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ: ব্যাংকারসহ গ্রেপ্তার ২

0
41

চট্টগ্রামে অগ্রণী ব্যাংক পিএলসির লালদিঘী পূর্ব কর্পোরেট শাখা থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—অগ্রণী ব্যাংক পিএলসি, লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীর (২৫)।

পুলিশ জানায়, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে ব্যাংকের ভল্টে নগদ টাকা জমা দেওয়ার সময় ১ হাজার টাকার বড় বান্ডেলের ভেতরে কৌশলে ১০০ টাকা বা তার কম মূল্যের ছোট নোট রাখা হতো। এতে ভল্টের বাইরে থেকে টাকার বান্ডেল দেখে মনে হলেও প্রকৃতপক্ষে সেখানে বিপুল পরিমাণ টাকা রাখা হয়নি।

অভিযোগ রয়েছে, ব্যাংকের ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের সঙ্গে যোগসাজশ করে এসব অর্থ ভল্টে না রেখে বিভিন্ন কৌশলে সরিয়ে দেন। পরে এসব টাকা ব্যবসায়ী জাফরুল্লাহ তানভীরের মাধ্যমে স্থানান্তর করা হয় বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন কামরুল হোসেন।

পুলিশের তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থ বিনিয়োগের মাধ্যমে ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে হাটহাজারী থানাধীন উত্তর বুড়িশ্চর এলাকার ফজদের আলী ফকির বাড়িতে ‘ইশরাত এগ্রো’ নামে একটি গরুর খামারও গড়ে তোলা হয়। এতে কামরুল হোসেন বিনিয়োগ করেন এবং জাফরুল্লাহ তানভীর খামারটির দেখাশোনা করতেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা পাওয়ার পর ব্যাংকের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে গত ১০ আগস্ট অভিযান চালিয়ে কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে দুই গ্রেপ্তারসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি কোতোয়ালী থানার মামলা নম্বর-২২, তারিখ ১০ আগস্ট ২০২৬। এতে দণ্ডবিধির ৪০৮, ৪২০ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here