
চট্টগ্রাম প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জনগণের ন্যায্য দাবি আদায়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ‘ঢাকা-চট্টগ্রাম লংমার্চ’ অনুষ্ঠিত হবে। লংমার্চের সমাপনী কর্মসূচি হিসেবে বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে।
কর্মসূচি সফল করার লক্ষ্যে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় চকবাজারে চট্টগ্রাম মহানগর এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চট্টগ্রামবাসীসহ সর্বস্তরের জনগণের প্রতি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন।
সংবাদ সম্মেলনে এস এম সুজা উদ্দিন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। চট্টগ্রামের মানুষের ন্যায্য নাগরিক হিস্যা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তারা মাঠে সংগ্রাম করছেন। লালদিঘীর সমাবেশের মাধ্যমে দক্ষিণাঞ্চলে বড় ধরনের জনসংযোগ সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সভাপতির বক্তব্যে মীর মোহাম্মদ শোয়াইব বলেন, ভোটাধিকারের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৭টায় ঐতিহাসিক শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে বিভিন্ন পথসভা শেষে চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাবেশে মিলিত হবে বলে জানান তিনি।
মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন অভিযোগ করেন, জনগণের গণরায়কে সরকার অবজ্ঞা করছে এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার হচ্ছে না। একই সঙ্গে গ্যাস, সার ও বিদ্যুৎ সংকটের মধ্যেও সরকার দলীয়করণে ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, চট্টগ্রাম সার্কিট হাউজে কেন্দ্রীয় নেতাদের জন্য নির্ধারিত ভিআইপি কক্ষ দুই মন্ত্রীর নামে বুকিং দেখিয়ে তাদের থাকতে দেওয়া হচ্ছে না। এ ধরনের কোনো বাধা সৃষ্টি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করার হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলন থেকে চট্টগ্রামবাসীসহ সর্বস্তরের জনগণকে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল, শেখ মোহাম্মদ সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী, টিপু সুলতানসহ সংগঠনের নেতাকর্মীরা।

