লোহাগাড়ায় বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি, থানায় অভিযোগ

0
33

সাইফুল ইসলাম -​লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ কৃত্রিমভাবে বন্ধ করে কয়েকটি বসতভিটায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ উঠেছে।

০৬ জুলাই (সোমবার) সকালে পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নূর জাহান বিবির পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ জাহেদুল ইসলাম (২১) বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে এলাকায় প্রচুর পানি জমে। স্থানীয় বাসিন্দা আব্দুস ছবুর নামের এক ব্যক্তি ওই এলাকার পানি নিষ্কাশনের স্বাভাবিক পথটি বন্ধ করার চেষ্টা চালান। এতে স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন।

​আজ সকাল আনুমানিক ৮:০০ ঘটিকার সময় আব্দুস ছবুর ও তার সাথে আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলে নূর জাহান বিবির পাড়াসহ আশপাশের বেশ কয়েকটি বসতবাড়ির পানি নিষ্কাশনের পথ সম্পূর্ণ বন্ধ করে দেন। এর ফলে পুরো এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি জমে এলাকার পুকুর ডুবে গেছে এবং বাড়িঘরে পানি ঢুকে দেওয়াল বা ঘর ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

​ভুক্তভোগী জাহেদুল ইসলাম জানান, পানি বন্ধের কারণ জানতে চাইলে অভিযুক্ত আব্দুস ছবুর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হন। পরে শোরগোল শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য প্রকাশ্যে প্রাণনাশের ও গুরুতর জখম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ​ভুক্তভোগী পরিবারগুলো বর্তমানে চরম আতঙ্কে ও পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। এ বিষয়ে লোহাগাড়া থানায় সুষ্ঠু বিচার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী জাহেদুল ইসলাম।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুস ছবুর কে একাধিক বার কল দিলেও ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here