
স্টাফ রিপোর্টার ।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আস্করিয়া রোড দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা থাকায় সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে পথচারী এবং যানবাহন চালকদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এমন অবস্থায় জনদুর্ভোগ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাঁশখালী ট্রাফিক জোনে কর্মরত ট্রাফিক সার্জেন্ট রুবেল হোসেন মিজি। নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজ উদ্যোগে সড়কের গর্তগুলো ইট দিয়ে ভরাট করেন।
এছাড়া যেসব স্থানে রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা ছিল, সেসব জায়গায় ইট বিছিয়ে পথচারী ও যানবাহনের চলাচলকে তুলনামূলক নিরাপদ ও নির্বিঘ্ন করার চেষ্টা করেন।
সার্জেন্ট রুবেল হোসেন মিজির এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী জানান, সরকারি সংস্কারের অপেক্ষায় না থেকে একজন দায়িত্বশীল পুলিশ সদস্যের এমন জনকল্যাণমূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত।
স্থানীয়দের দাবি, আস্করিয়া রোডের স্থায়ী সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, যাতে এলাকাবাসী দীর্ঘমেয়াদে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।

