বাঁশখালী পৌরসভার আস্করিয়া সড়কে ভয়াবহ জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ

0
156

স্টাফ রিপোর্টার:মোহাম্মদ আসাদুল ইসলাম
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা-এর আস্করিয়া সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার কাজ চলমান থাকলেও কাজের গতি অত্যন্ত ধীর। ফলে সড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দের সৃষ্টি হয়েছে এবং সামান্য বৃষ্টিতেই পানি জমে তা একপ্রকার ছোট খালে পরিণত হয়। এতে করে সড়কটি প্রায় অচল হয়ে পড়ছে।

এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। জলাবদ্ধতার কারণে তাদের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে আস্করিয়া এলাকার শিক্ষার্থী মোহাম্মদ রাকিব (দশম শ্রেণি), সাদিয়া আক্তার (নবম শ্রেণি), মাহমুদুল হাসান (অষ্টম শ্রেণি) ও তাসনিম জাহান (সপ্তম শ্রেণি) জানায়, প্রতিদিন স্কুলে যেতে তাদের পানির মধ্য দিয়ে হেঁটে যেতে হয়। অনেক সময় জুতা-ইউনিফর্ম ভিজে যায়, ফলে ক্লাসে উপস্থিত থাকতে সমস্যায় পড়তে হয়। বৃষ্টির দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

অভিভাবকদের অভিযোগ, এভাবে চলতে থাকলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়বে এবং তাদের শিক্ষা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়বে। তারা দ্রুত সড়কের সংস্কার কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
এদিকে, স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের নামে পড়ে থাকলেও বাস্তবে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। সচেতন মহল মনে করছে, দ্রুত সড়কের কাজ সম্পন্ন করে সঠিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা জানান, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনদুর্ভোগ লাঘব করা এখন সময়ের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here