
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসহাব উদ্দিন ও জয়নাল আবেদিন। তাদের উদ্যোগ ও প্রচেষ্টায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ তিনটি সড়কের উন্নয়নে বরাদ্দ নিশ্চিত হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
বরাদ্দ পাওয়া সড়কগুলো হলো—তেচ্ছিপাড়া–দেওয়ানজি সড়ক, নতুনপাড়া সড়ক ও ওয়াহাব মিয়া সড়ক। দীর্ঘদিন ধরে এসব সড়কের সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। অবশেষে উন্নয়ন বরাদ্দ পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের মতে, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসহাব উদ্দিনের দীর্ঘদিনের প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতার পাশাপাশি জয়নাল আবেদিনের আন্তরিক উদ্যোগ ও সক্রিয় ভূমিকা এ উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। পাশাপাশি ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার প্রচেষ্টার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তারা।
স্থানীয়রা বলেন, তিনটি সড়কের উন্নয়ন সম্পন্ন হলে পুকুরিয়া ইউনিয়নের যোগাযোগব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও আধুনিক হবে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলেও আসবে স্বস্তি। এতে ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
পুকুরিয়াকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে চেয়ারম্যান আসহাব উদ্দিন ও জয়নাল আবেদিনের চলমান প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, বরাদ্দের দ্রুত ও সঠিক বাস্তবায়নের মাধ্যমে সড়কগুলোর উন্নয়নকাজ শুরু হবে এবং দীর্ঘদিনের সড়ক দুর্ভোগ থেকে মুক্তি পাবেন পুকুরিয়া ইউনিয়নের সাধারণ মানুষ।হ

