বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আইওএম চিফ অব মিশন লরা টম বন্ড, আইওএমের সহায়তায় ইপসার উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রিপল বিতরণ

0
37

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর চিফ অব মিশন লরা টম বন্ড। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আইওএমের সহায়তায় উন্নয়ন সংস্থা ইপসা (EPSA) ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রিপল (তেরপাল) বিতরণ করে।

বুধবার (২২ জুলাই) দুপুরে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বন্যাকবলিত নিম্নাঞ্চল পরিদর্শন করেন আইওএমের প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি এবং জরুরি প্রয়োজন সম্পর্কে অবগত হন।

পরিদর্শন শেষে লরা টম বন্ড বলেন, “আমরা জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) থেকে এসেছি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি আমরা গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করেছি। তবে সরেজমিনে এসে মানুষের ঘরবাড়ি ধ্বংস হওয়া এবং অনেককে বাসস্থান হারাতে দেখে সত্যিই কষ্ট পেয়েছি।

তিনি আরও বলেন, “আমি এখানে এসেছি আপনাদের সমস্যাগুলো সরাসরি দেখতে এবং বুঝতে। বন্যাকবলিত মানুষের জন্য আমরা কীভাবে কার্যকর সহায়তা দিতে পারি, তা নিয়ে কাজ করছি। আজকের এই সহায়তা আমাদের প্রাথমিক উদ্যোগ। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে আরও বড় পরিসরে সহযোগিতা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, ইপসার পরিচালক মোহাম্মদ শাহজাহান, আইওএমের ন্যাশনাল প্রজেক্ট অফিসার সৈয়দ শাহরিয়ার শাবাব, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সৌমিন শারিদ, ইপসার প্রজেক্ট অফিসার সানজিদা আক্তার, কো-অর্ডিনেটর কল্যাণ বড়ুয়া, কাথরিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদশা মিয়া, পরিষদ সচিব হারুনুর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here