রাফাহ ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা পেল বাঁশখালীর ২ হাজার ৮০০ পরিবার

0
55

মোহাম্মদ আসাদুল ইসলাম স্টাফ রিপোর্টার বাঁশখালী কন্ঠ।

টানা ভারী বর্ষণ ও বন্যায় চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গিয়ে চরম মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার প্রায় ৬০ হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। কোথাও একতলা ভবনসমান, আবার কোথাও কোমর থেকে বুকসমান পানি জমে থাকায় অনেক পরিবার রান্নাবান্না পর্যন্ত করতে পারছে না। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে চরম দুর্ভোগে পড়েছেন বন্যাদুর্গত মানুষ।

এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মানবকল্যাণমূলক সংগঠন রাফাহ ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের উদ্যোগে গত ১১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত (মাঝে দুই দিন বিরতি দিয়ে) ধারাবাহিকভাবে বন্যাকবলিত মানুষের মাঝে জরুরি শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, প্রাথমিক চিকিৎসার ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রমের আওতায় বাঁশখালীর বিভিন্ন বন্যাকবলিত এলাকার ২ হাজার ৮০০টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা নৌকা ও হেঁটে দুর্গম এলাকায় গিয়ে পানিবন্দি পরিবারের দোরগোড়ায় সহায়তা পৌঁছে দেন।

ত্রাণ কার্যক্রম শেষে রাফাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা জানান, নিজেদের চোখে না দেখলে বাঁশখালীর মানুষের দুর্ভোগের ভয়াবহতা উপলব্ধি করা কঠিন। অনেক পরিবার কয়েকদিন ধরে স্বাভাবিকভাবে রান্না করতে পারছে না। তারা বলেন, এই সংকটময় সময়ে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং সকল শ্রেণি-পেশার মানুষের উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো।

তারা আরও জানান, রাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাঁশখালীর স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে আরও বৃহৎ পরিসরে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে, স্থানীয় বাসিন্দারা রাফাহ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, চলমান সংকটকালে এ ধরনের সহায়তা বন্যাদুর্গত মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী।

রাফাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক এই কার্যক্রম বাস্তবায়নে যারা অনুদান দিয়েছেন, মাঠপর্যায়ে নিরলস পরিশ্রম করেছেন এবং নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি সংগঠনের আন্তরিক কৃতজ্ঞতা। ভবিষ্যতেও মানুষের দুর্যোগের সময় রাফাহ ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here