
স্টাফ রিপোর্টার, বাঁশখালী:
বাঁশখালী উপজেলা ক্রিয়েটিভ সোসাইটির উদ্যোগে আয়োজিত গোল্ড মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাম্বলস্থ আয়ন পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সুধীজনের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জয়নাল আবেদিন, যিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বেগম জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং শিক্ষার মান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে গোল্ড মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

