
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক নৌবাহিনী কর্মকর্তা ও সমাজসেবক রিদওয়ানুল হক সুমন। তিনি বাঁশখালীর কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব নিজামুল হক সোহেল-এর ছোট ভাই। দীর্ঘদিন ধরে ব্যবসা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রিদওয়ানুল হক সুমন তাঁর সততা, দক্ষতা ও নেতৃত্বগুণের মাধ্যমে এলাকায় সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে সুনাম অর্জন করেছেন। তাঁর এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর বিচক্ষণ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হবে। স্থানীয় শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করে বলেন, রিদওয়ানুল হক সুমনের দক্ষ দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টায় রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এদিকে তাঁর এ নির্বাচনে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সকলেই মহান আল্লাহ তাআলার নিকট দোয়া কামনা করেছেন, যেন তিনি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও প্রজ্ঞার সঙ্গে বিদ্যালয়ের ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করতে পারেন এবং প্রতিষ্ঠানটিকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হন।

