
বাঁশখালীর সাধনপুরে অনুষ্ঠিত আবদুল মালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমজমাট ফাইনাল খেলা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন এলাকার অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালীর গণমানুষের নেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব ও বাঁশখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি আয়োজকদের এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও খেলাধুলার মাধ্যমে তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের আহ্বান জানান। এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ক্রীড়া সংগঠক, সমাজসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় দর্শক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

