জলদী পৌরসভায় মাদক সেবনকালে যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

0
51

স্টাফ রিপোর্টার :মোহাম্মদ আসাদুল ইসলাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী পৌরসভায় মাদকদ্রব্য সেবনকালে এক যুবককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই ২০২৬) বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় জলদী পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন।

অভিযান চলাকালে দক্ষিণ জলদী ৮ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার শফিউল আলমের ছেলে মোঃ সাগর (২২)-কে জলদী পৌরসভার আসকরিয়া পাড়া এলাকায় মাদকদ্রব্য ক্রয় করে সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সাগরের বিরুদ্ধে পূর্বেও বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে দুই ব্যক্তিকে গুরুতর আহত করার অভিযোগ ছিল। এছাড়া তার অসামাজিক ও বেপরোয়া আচরণের কারণে তাকে এর আগে সেফ হোমের কাস্টডিতেও পাঠানো হয়েছিল।

ভ্রাম্যমাণ আদালতে দেওয়া ভিডিও স্বীকারোক্তিতে সাগর জানান, তিনি বর্তমানে বেকার এবং পরিবারের কাছ থেকে হাতখরচের নামে টাকা নিয়ে নিয়মিত মাদকদ্রব্য সেবন করতেন।

অভিযুক্তের স্বীকারোক্তি, উপস্থাপিত তথ্য-প্রমাণ এবং ঘটনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাদক সেবন ও মাদক-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here