
মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদম রসুল ছইয়ার টেক এলাকায় আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আদালতের জারিকৃত দখল পরওয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
আদালতের নথি সূত্রে জানা যায়, অপর মোকদ্দমা নং-৩০/২০২০-এর দখল পরওয়ানা বাস্তবায়নের জন্য প্রসেস সার্ভার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিক্রিদার, দাইক পক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সংশ্লিষ্ট জমি শনাক্ত করেন। পরওয়ানার আদেশ উচ্চস্বরে পাঠ করে দাইক পক্ষকে জায়গার দখল ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলে তারা দখল ছাড়তে অস্বীকৃতি জানায় এবং দখল কার্যক্রমে বাধা প্রদান করে। এ সময় কয়েকজনের আচরণে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় প্রসেস সার্ভার দখল কার্যক্রম সম্পন্ন করতে অপারগ হয়ে পরওয়ানা আদালতে ফেরত দাখিল করেন।
পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রশাসন শান্তিপূর্ণভাবে আদালতের নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা সরকারি দায়িত্বের অংশ। তাই আইন ও আদালতের আদেশ অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

