রাতের মধ্যেই ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

0
33

ঢাকাসহ দেশের ১৫ জেলায় রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বজ্রপাতের পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুর দেড়টা থেকে রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে- রাতের মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) একই সময় পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এদিন দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। তবে এই দুই দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

অন্যদিকে বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একইভাবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) একই সময় পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বুধবার তাপমাত্রা সামান্য কমলেও বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here