
ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘দম’ এর মূল অনুপ্রেরণা মো. নূর ইসলাম শনিবার ৪ এপ্রিল বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তার জীবনের সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা। রেদোয়ান রনি পরিচালিত এবং আফরান নিশো অভিনীত এই সিনেমাটি ২০০৮ সালে আফগানিস্তানে তালেবানদের হাতে অপহৃত নূর ইসলামের অলৌকিকভাবে বেঁচে ফেরার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ‘দম’ সিনেমাটি দেখে সাংবাদিকদের মুখোমুখি হন মো. নূর ইসলাম ও তার স্ত্রী আনোয়ারা পারভীন। নূর ইসলাম সিনেমাটিকে আন্তর্জাতিক মানের বলে উল্লেখ করেন এবং একই সঙ্গে তিনি আফরান নিশোর অভিনয়কে আউটস্ট্যান্ডিং বলে অভিহিত করেন। এর সঙ্গে তিনি জানিয়েছেন তার অপহরণ সময়ের কিছু পরিস্থিতি ও অনুভূতির কথা।
নূর ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্মাতা রেদোয়ান রনি এবং প্রযোজক শাহরিয়ার শাকিলের প্রতি যাদের কারণে ১৮ বছর পর তার জীবনের এই জয়ের গল্প সাধারণ মানুষের সামনে এসেছে। তিনি জানান ভূরাজনৈতিক সামাজিক ও ধর্মীয় কিছু বিষয়ের ভিত্তিহীন অভিযোগ এনে তাকে অপহরণ করা হয় এবং একপর্যায়ে নেওয়া হয় হত্যার সিদ্ধান্ত।
নূর ইসলাম জানান তাকে হত্যার জন্য গাধার পিঠে বসিয়ে দেওয়া হয়। তিনি ঠিকমতো পানিও খেতে পারছিলেন না। গাধা হাঁটতে শুরু করলে স্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি দোয়া ইউনুস পড়া শুরু করেন। নূর ইসলাম জানান ওরা তাকে জবাই করার জন্য প্রস্তুত ছিল এবং তিনি খুব জোরে জোরে দোয়া ইউনুস পড়ছিলেন। হঠাৎ তিনি অনুভব করেন তার সারা শরীর গরম হয়ে গেছে এবং এক ঐশ্বরিক শক্তি অনুভব করেন। চার ঘণ্টা ধরে তাকে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষে কমান্ডারের নির্দেশে ওরা তাকে জড়িয়ে ধরে চুমু খায় এবং জানায় তার ওপর আল্লাহর রহমত আছে তাই তাকে আর মারা যাবে না।
নূর ইসলাম ১৮ বছর পর কৃতজ্ঞতা জানান সে সময়ের আপামর জনসাধারণ টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি। তিনি বিশ্বাস করেন সব ধর্মের মানুষের দোয়া এবং মহান আল্লাহর অশেষ রহমতেই তিনি আজ বেঁচে আছেন। বক্তব্যের শেষ পর্যায়ে নূর ইসলাম বর্তমান প্রজন্মের তরুণদের উদ্দেশে বলেন এই ৮৪ দিনের ঘটনা দুই ঘণ্টা আট মিনিটের সিনেমায় পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। তবে তিনি চান বাংলাদেশের প্রতিটি মানুষ জানুক মানুষের দোয়ায় বরকত আছে। আর সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের ভেতরে যতক্ষণ পর্যন্ত নিশ্বাস আছে দম আছে ততক্ষণ পর্যন্ত হার মানা যাবে না।

