
চট্টগ্রাম প্রতিনিধি:
ন্যায়বিচারের আশায় মানুষ ছুটে যান আদালত ভবনে। কিন্তু সেই আদালত ভবনেই যদি হামলার ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
গত ৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর ভেতরে একটি মামলার শুনানি চলাকালে বাদীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
জানা যায়, নগরের পাঁচলাইশ থানার হাদু মাঝিপাড়া এলাকার ছাবের মাস্টার পাড়ায় একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে মামলার শুনানি চলছিল। এ সময় মামলার বাদীর ওপর কয়েকজন হামলা চালিয়ে তাকে আহত করেন বলে অভিযোগ উঠেছে।
বাদীপক্ষের অভিযোগ, চুরির ঘটনার আগে সাংবাদিক কবিরের ব্যবসাপ্রতিষ্ঠানে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে অপু, মিন্টু, সোহেল, এমরান ও ফয়সালসহ কয়েকজন ওই চুরির ঘটনা ঘটান বলে অভিযোগ করা হয়েছে।
বাদীপক্ষ আরও দাবি করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরপরও আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ঘোরাফেরা করায় আসামিদের গ্রেপ্তার ও আদালত ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—আদালতের মতো স্পর্শকাতর ও নিরাপত্তাবেষ্টিত স্থানে যদি মামলার বাদী হামলার শিকার হন, তাহলে বিচারপ্রার্থী সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত?
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ইতি মধ্যে আমরা ৩ জন আসামী গ্রেফতার করেছি বাকি আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেউ জানান
এ ঘটনায় হামলার অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

