বাঁশখালীতে পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
63

বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন। তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

জয়নাল আবেদিন বলেন, বাঁশখালীর মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এখানে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি যেকোনো অপশক্তি বা উসকানি যাতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঁশখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে জয়নাল আবেদিনের উপস্থিতি ও বক্তব্য উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে। তিনি ভবিষ্যতেও বাঁশখালীর মানুষের কল্যাণে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here