বাঁশখালীতে বন্যার্ত ৩৬ পরিবার পেল ঢেউটিন

0
41

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারকে পুনর্বাসন প্রকল্পের আওতায় ঢেউটিন উপহার দেওয়া হয়েছে। বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়া পরিবারগুলোর পুনর্বাসনে এ উদ্যোগ নেওয়া হয়।
সোমবার (১০ আগস্ট) আমেরিকান প্রবাসীদের সংগঠন হেল্পিং হ্যান্ড ফর চট্টগ্রাম-ইউএসএ-এর অর্থায়নে এবং লেখক ও সমাজকর্মী আহমদ রশিদ (ব্রাদার বাহার)-এর ব্যবস্থাপনায় ঢেউটিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে সহায়তা পৌঁছে দিতে প্রায় দুই সপ্তাহ ধরে কাথরিয়ার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে যাচাই-বাছাই শেষে ৩৬টি পরিবারের একটি তালিকা প্রস্তুত করা হয়। তালিকায় কাথরিয়ার পাশাপাশি বাহারছড়া ও ইলশা এলাকার কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারও অন্তর্ভুক্ত ছিল।

ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, লেখক ও সাংবাদিক কামরুদ্দিন আহমদ, হেল্পিং হ্যান্ড ফর চট্টগ্রামের প্রতিনিধি ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল মতিন, মোস্তফা মনোয়ার মুন্না, বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী শাখার সভাপতি আব্দুর রহমান সোহেল, শিক্ষক কফিল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সমাজকর্মী ব্রাদার বাহার। বক্তারা বলেন, ভয়াবহ বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পরিবার মানবেতর পরিস্থিতিতে পড়েছে। এমন সংকটময় সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং তাদের ঘর পুনর্নির্মাণে সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মানবিক উদ্যোগ বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে।

আয়োজকরা জানান, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
অনুষ্ঠানটির মিডিয়া কাভারেজ করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও রিপোর্টার কায়সার হামিদ, সাতকানিয়া অনলাইন মিডিয়া এবং ডাব্লিউ টিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here