
মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের অসহায় মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মরহুম আজরুপ মিয়া ট্রাস্টের চেয়ারম্যান, আফ্রিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন।
তাঁর ব্যক্তিগত উদ্যোগে এবং মরহুম আজরুপ মিয়া ট্রাস্টের সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ৩০০টি বন্যাদুর্গত পরিবারের হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে তিনি নিজেও বিভিন্ন এলাকায় উপস্থিত থেকে তাদের খোঁজখবর নেন, সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেন।
ভয়াবহ এই বন্যায় বহু পরিবার ঘরবাড়ি, আসবাবপত্র ও জীবিকার উৎস হারিয়ে চরম মানবিক সংকটে পড়ে। এমন কঠিন সময়ে আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিনের এই সহায়তা দুর্গত মানুষের জন্য আশার আলো হয়ে আসে। ত্রাণ ও নগদ সহায়তা পেয়ে অনেক উপকারভোগী আবেগাপ্লুত হয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, দুর্যোগের এই সময়ে এমন আন্তরিক সহযোগিতা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।
স্থানীয়দের মতে, আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন শুধু একজন দানশীল ব্যক্তি নন, তিনি একজন মানবিক মানুষ, যিনি সবসময় বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাঁর মতো সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব।
স্থানীয় সচেতন মহল বলছেন, “মানবসেবাই সর্বোত্তম ইবাদত”—এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়েছেন আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন। তাঁর এই উদ্যোগ কেবল ত্রাণ বিতরণ নয়, বরং অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, তাদের পাশে থাকার অঙ্গীকার এবং মানবতার প্রতি গভীর দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত।
দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও সামাজিক সংগঠনগুলোকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাদের বিশ্বাস, সম্মিলিত মানবিক উদ্যোগই পারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে।

