
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় ভূমি প্রতিমন্ত্রী জননেতা মীর হেলাল এবং বাঁশখালী থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট আশরাফ হোসেন রাজ্জাকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। তারা দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবিক ও রাজনৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দলীয়ভাবে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তারা জানান।
স্থানীয় বাসিন্দারা দুর্যোগের এই কঠিন সময়ে নেতৃবৃন্দের উপস্থিতি, খোঁজখবর গ্রহণ এবং ত্রাণ সহায়তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

