
বাঁশখালী প্রতিনিধি:
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পানিবন্দি হয়ে পড়া অসংখ্য পরিবার খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে মানবেতর জীবনযাপন করছে।
এমন দুর্যোগপূর্ণ সময়ে বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাঁশখালীতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সার্জেন্ট রুবেল হোসেন মিজি। তিনি উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের খোঁজখবর নেন এবং নিজ উদ্যোগে তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। সহায়তা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এই সময়ে পুলিশ সদস্যের এমন মানবিক উদ্যোগ তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। তারা সার্জেন্ট রুবেল হোসেন মিজি এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে পুলিশ সার্জেন্ট রুবেল হোসেন মিজি বলেন, “মানুষের বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। স্থানীয়রা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং জনপ্রতিনিধিরাও বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে এসে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেবেন।

