বাঁশখালীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

0
30

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হাজী ওয়াইজউদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৮)-কে মাদক সেবনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

শনিবার (২৭ জুন) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। পরে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে বাঁশখালী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম এর আগেও মাদক সেবন ও মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারাভোগ শেষে এলাকায় ফিরে তিনি পুনরায় ইয়াবা সেবন ও ইয়াবা বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন। তাঁদের দাবি, তার মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের কারণে এলাকার তরুণ সমাজ বিপথগামী হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং স্থানীয় পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় সচেতন মহল মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রাখা, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রশাসনের আরও কার্যকর ভূমিকা কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here