
স্টাফ রিপোর্টার:মোহাম্মদ আসাদুল ইসলাম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল ইসলাম (২ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) দুপুর আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবারের দাবি, চিকিৎসা ব্যবস্থাপনার ত্রুটি ও দায়িত্বপ্রাপ্ত নার্সের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে প্রশাসনিক তদন্ত চলমান থাকায় এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুমিনুল হক জানান, নিউমোনিয়াজনিত সমস্যায় আক্রান্ত হয়ে শিশুটিকে আগের রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
ঘটনার পর হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

