বাঁশখালীতে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

0
46

মোহাম্মদ আমিনুল ইসলাম।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শিশু ধর্ষণ, শিশু হত্যা ও সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে “বিচারহীন বাংলাদেশের নীরব আর্তনাদ” শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে সাধারণ ছাত্র জনতা বাঁশখালী।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। সমাজে নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের সংকটের পাশাপাশি বিচারব্যবস্থার দুর্বলতাও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ বলে মন্তব্য করেন তারা।

বক্তারা অভিযোগ করেন, রামিশার মতো নিষ্পাপ শিশু নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাধারণ মানুষের মাঝে হতাশা ও ক্ষোভ বাড়ছে। তারা দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “আমরা শুধু একটি কর্মসূচিতে দাঁড়াইনি; আমরা দাঁড়িয়েছি নির্যাতিত শিশুদের কান্না, অসহায় পরিবারের আর্তনাদ এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।”
এ সময় বক্তব্য রাখেন এইচ এম আব্বাস খান, মাওলানা এমদাদ উল্লাহ, মোহাম্মদ আলী, কাজী সাহাব উদ্দিনসহ আরও অনেকে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here