
আসাদুল ইসলাম আসাদ
রোহিঙ্গা শরণার্থী পরিবারের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘দ্য ক্লাউডস ওয়েক নো ক্লকস’। ভারতের নির্মাতা অনিকেত দত্ত পরিচালিত এ সিনেমায় বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন অভিনেতা জাহিদ চৌধুরী। তিনি সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।
চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন অনিকেত দত্ত ও রশ্নি সেন। এতে খালিদ ও শারমিন চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের মোস্তফা মনওয়ার ও দীপান্বিতা মার্টিন। এছাড়া আরও অভিনয় করছেন উত্তম কুমার বিশ্বাস, বিজয় দাস এবং শিশু শিল্পী রাফি।
নিজের অনুভূতি প্রকাশ করে জাহিদ চৌধুরী বলেন, পরিচালক অনিকেত দত্তের সঙ্গে প্রায় এক বছর ধরে গল্প ও চরিত্র নিয়ে আলোচনা চলছিল। ভিসাজনিত জটিলতার কারণে এতদিন শুটিং শুরু করা সম্ভব হয়নি। এত বড় একটি আন্তর্জাতিক টিমের সঙ্গে কাজ করতে পারাকে তিনি নিজের জীবনের অন্যতম বড় অর্জন বলে মনে করছেন।
সিনেমার গল্পে দেখা যাবে, খালিদ ও শারমিন তাদের আট বছরের ছেলে শোয়েবকে নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে নতুন পরিবেশে টিকে থাকার সংগ্রামই উঠে আসবে এ চলচ্চিত্রে।
আগামী ১৬ মে থেকে ভারতের সিকিম-এ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করেই নির্মিত হচ্ছে এ সিনেমা।
উল্লেখ্য জাহিদ চৌধুরী গ্রামের বাড়ি বাঁশখালীর সাধনপুর গ্রামে। ইনি আমাদের গর্বিত সন্তান।

