
মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা-র ১১ নম্বর পুইছড়ী ইউনিয়ন এলাকার হাফিজিয়া সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকদিনের টানা বৃষ্টির পরও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এখনো হাঁটুসমান পানি জমে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ স্থানীয় পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বৃষ্টিপাতের পর বিদ্যালয় মাঠে পানি জমে থাকলেও তা সরিয়ে নেওয়ার কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক শিক্ষার্থী কাদা ও পানির মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
এদিকে বিদ্যালয় মাঠটি স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় সাধারণ পথচারীরাও একই সমস্যার মুখোমুখি হচ্ছেন। পানি জমে থাকার কারণে মাঠজুড়ে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে অভিভাবকদের অভিযোগ। স্থানীয় সচেতন মহল দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

