তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

0
54

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে এক তরুণ ইয়াবা সেবনকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া মাইদ্যার পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মোঃ রাশেদ (২০) নামের এক যুবককে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। আটক রাশেদ বৈলছড়ি ইউনিয়নের বাসিন্দা এবং তার পিতা মৃত মোঃ ইউসুফ বলে জানা গেছে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আদালত ইয়াবা সেবনের দায়ে অভিযুক্ত রাশেদকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ধ্বংস করা হয়। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয়দের মতে, এলাকায় মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকলে যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে এবং সামাজিক নিরাপত্তা আরও জোরদার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here