
নিজস্ব প্রতিবেদক,বাঁশখালী কন্ঠ।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা-এর পুকুরিয়া ইউনিয়ন-এর গুরুত্বপূর্ণ সড়ক রামপুর ডিসি সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে চললেও এখনো শেষ হয়নি। দেড় বছরেরও বেশি সময় ধরে সংস্কার কাজ চলমান থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরিয়া চাঁদপুর বাজার সাতকানিয়া যাওয়ার সড়কটি দুইটি উপজেলার মানুষের, একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন এই সড়ক দিয়ে দুই উপজেলার হাজারো মানুষ চলাচল করেন। এছাড়া স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ এই সড়কের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলতে থাকায় সড়কটি এখন ধুলাবালিতে ভরা ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজ কখনো কিছুদিন বন্ধ থাকে আবার কখনো অল্প কিছু শ্রমিক দিয়ে ধীরগতিতে কাজ চালানো হয়। ফলে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি।
স্থানীয় বাসিন্দা মো. আবদুল কাদের বলেন,প্রায় দেড় বছর ধরে রাস্তার কাজ চলছে। মাঝে মাঝে কাজ বন্ধ থাকে। আমরা প্রতিবাদ করলে আবার কিছুদিন কাজ চলে, পরে আবার বন্ধ হয়ে যায়। এতে আমাদের চলাচল খুব কষ্টকর হয়ে পড়েছে। এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বর্ষাকালে সড়কের বিভিন্ন স্থানে কাদা জমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। আর শুকনো মৌসুমে অতিরিক্ত ধুলাবালির কারণে পরিবেশ দূষণ তৈরি হয় এবং অনেকেই শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, সড়কের বেহাল অবস্থার কারণে বাজারে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এতে ব্যবসায়ীদেরও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার কাজ আটকে থাকার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা না হলে এলাকাবাসী আরও বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবেন। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কাজ শেষ করে জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাবে।

