
ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য নিয়ে দ্য মিরর জানিয়েছে, রোনালদোর প্রায় ৬১ মিলিয়ন ডলারের ব্যক্তিগত জেট রিয়াদ থেকে উড্ডয়ন করে মিসর ও ভূমধ্যসাগরের আকাশপথ অতিক্রম করে স্পেনের রাজধানী মাদ্রিদে অবতরণ করেছে। মাদ্রিদ শহরটি রোনালদোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তিনি দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন।
তবে এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে স্পষ্টভাবে জানিয়েছেন, রোনালদো সৌদি আরব ছেড়ে যাননি।
রোমানো লিখেছেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ক্রিস্তিয়ানো রোনালদো তার পরিবারসহ সৌদি আরব ছেড়ে গেছেন, এমন খবর সঠিক নয়। এটি ভুয়া খবর।’
তিনি আরো জানান, সাম্প্রতিক ম্যাচে পাওয়া সমস্যার কারণে রোনালদো বর্তমানে আল নাসরের ট্রেনিং গ্রাউন্ডে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি এখনো সৌদি আরবেই আছেন।
এর আগে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, নিরাপত্তাজনিত কারণে রোনালদো তার পরিবারকে নিয়ে ব্যক্তিগত জেটে করে রিয়াদ ছেড়েছেন।
তবে রোমানোর বক্তব্য অনুযায়ী, রোনালদো এখনো রিয়াদেই অবস্থান করছেন এবং ক্লাবের হয়ে আসন্ন ম্যাচগুলোর প্রস্তুতির পাশাপাশি চোট থেকে সেরে ওঠার দিকে মনোযোগ দিচ্ছেন।

