
চট্টগ্রাম প্রতিনিধি:
দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জনগণের ন্যায্য দাবি আদায় এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্যে চট্টগ্রামবাসীসহ সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হবে। লংমার্চের সমাপনী সমাবেশ হিসেবে বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে।
আয়োজকদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, সড়ক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার বাস্তবায়নের দাবিও তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ১১ দলীয় ঐক্যের প্রধান দাবিগুলোর মধ্যে অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জনগণের মতামত ও গণরায়কে উপেক্ষা না করার দাবি জানানো হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জোটটি। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে প্রত্যেকটি হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। কর্মসূচি সফল করতে চট্টগ্রামবাসীর পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেছে ১১ দলীয় ঐক্য। সংবাদমাধ্যমকে কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য ও জনগণের দাবিগুলো যথাযথ গুরুত্ব দিয়ে তুলে ধরার আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, জনগণের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে। তাই জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

