বাঁশখালীতে জমি বিরোধে গাছপালা কাটার অভিযোগ: এজাহারভুক্ত আসামি হাশেম গ্রেফতার

0
98

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে গাছপালা কেটে নেওয়ার অভিযোগের ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. হাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত ২২ আগস্ট সকালে নতুনপাড়া এলাকায় প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে নেওয়ার অভিযোগ ওঠে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে মো. হাশেমের নেতৃত্বে সিরাজুল হকসহ কয়েকজন তাদের জায়গায় প্রবেশ করে চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে জায়গায় থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে মো. হাশেমকে এজাহারভুক্ত আসামি করা হয়। পরবর্তীতে বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

হাশেম গ্রেফতার হওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একই সঙ্গে মামলার এজাহারভুক্ত ও ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরও দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলে থাকা জমি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিষয়ে রামদাস হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেকটর দুলাল হোসেন বলেন, “মামলার এজাহারভুক্ত আসামি মো. হাশেমকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here