
ওমান প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ওমানের শেরিয়া এলাকায় সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি মুসলমানদের যৌথ উদ্যোগে এক আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার, স্থানীয় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রবাসী ব্যক্তিত্ব মোহাম্মদ বদিউল আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা পেশ করেন ওমান প্রবাসী সুন্নি জনতার সভাপতি এইচ এম মোরশেদ আলম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ওমান প্রবাসী সুন্নি জনতার সাধারণ সম্পাদক মোহাম্মদ মেরাজুল আলম মামুন।
হাফেজ মোহাম্মদ গোলাম রব্বানী-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে রাসুলে করিম (সা.)-এর শানে মধুর কণ্ঠে নাতে রাসুল পরিবেশন করেন মোহাম্মদ ফয়জুর রহমান (সওদাগর)। অনুষ্ঠানের পুরো কার্যক্রম অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে পরিচালনা করেন মোহাম্মদ হাসান মিয়া।
নূরানী মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য প্রবাসী ব্যক্তিত্ব **মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ আবুল কাশেম ও মোহাম্মদ জাহেদ হাসান (সওদাগর)**সহ সর্বস্তরের প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লিরা।
মাহফিলের শেষাংশে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত নূরানী মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

