
জামাল উদ্দিন জাহেদ।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত মরা ছড়া সড়কের আংশিক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসী বাংলাদেশি, দেশের বিভিন্ন ব্যবসায়ী ও চাকরিজীবীর আর্থিক সহযোগিতা এবং এলাকার যুবসমাজ ও সর্বস্তরের মানুষের স্বেচ্ছাশ্রমে এ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে শিক্ষার্থী, মুসল্লি, পথচারীসহ স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হন। সম্প্রতি সম্মিলিত উদ্যোগে সড়কের আংশিক সংস্কার সম্পন্ন হওয়ায় বর্তমানে চলাচল অনেকটাই সহজ হয়েছে।
মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এলাকার মানুষের দুর্ভোগ লাঘব এবং জনসেবার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় প্রকল্পে অর্থ, শ্রম, সময়, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করা প্রবাসী, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবসমাজ এবং স্থানীয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগে সবাইকে ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানানো হয়।
স্থানীয়রা বলেন, সম্মিলিত উদ্যোগে রাস্তার সংস্কার হওয়ায় তারা উপকৃত হয়েছেন। তারা মানব কল্যাণ ফাউন্ডেশন ও সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

