চার লাখ মানুষের যাতায়াতের স্বার্থে সন্দ্বীপ নৌরুটে ‘নিঝুম দ্বীপ’ শিপ পুনর্বহালের দাবি,বিআইডব্লিউটিসিকে আসক ফাউন্ডেশনের স্মারকলিপি

0
25

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার প্রায় চার লাখ মানুষের যাতায়াতের একমাত্র নৌরুটে ‘নিঝুম দ্বীপ’ শিপ পুনরায় চালুর দাবিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটি।

সম্প্রতি চট্টগ্রাম সদরঘাটে অবস্থিত বিআইডব্লিউটিসির আঞ্চলিক কার্যালয়ে অফিসার ইনচার্জ ইমরান সাহেবের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার কথা তুলে ধরে সন্দ্বীপ-নিঝুম দ্বীপ নৌরুটে পুনরায় ‘নিঝুম দ্বীপ’ শিপ বহাল রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনাকালে বিআইডব্লিউটিসির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান ইমরান সাহেব জানান, সংগঠনের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রিপরিষদে পাঠানো হবে। পাশাপাশি সন্দ্বীপের মানুষের যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় নিয়ে নৌরুটে ‘নিঝুম দ্বীপ’ শিপ পুনরায় চালুর প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। বিষয়টি তিনি গুরুত্বসহকারে দেখছেন বলেও সংগঠনের প্রতিনিধিদের আশ্বস্ত করেন।

আসক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, সন্দ্বীপের মানুষের যাতায়াত কোনো দল বা মতের বিষয় নয়। এটি প্রায় চার লাখ মানুষের জীবন-জীবিকা, শিক্ষা, চিকিৎসা ও জরুরি যোগাযোগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই জনস্বার্থ বিবেচনায় সন্দ্বীপ নৌরুটে ‘নিঝুম দ্বীপ’ শিপ পুনরায় বহাল করা জরুরি।
তারা আরও বলেন, সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধানে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। দল-মত নির্বিশেষে সন্দ্বীপের মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

স্মারকলিপি প্রদান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মোঃ পারভেজ, সহ-সভাপতি সৈয়দ মোঃ আমিনুর রহমান, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন এবং সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম। সন্দ্বীপবাসীর যাতায়াতের দুর্ভোগ লাঘবে ‘নিঝুম দ্বীপ’ শিপ পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর সিদ্ধান্তের প্রত্যাশা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here