
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইরাং বাহাদুর পাড়া এলাকায় ৩০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে নজির আহমদ স্মৃতি ফাউন্ডেশন।
‘মানুষ মানুষের জন্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে এলাকার অসহায় পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। নজির আহমদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা বোরহান উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার উদ্যোগে নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ত্রাণ বিতরণকালে মাওলানা বোরহান উদ্দিন বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” এ সময় তিনি তার পরিবার ও নিজের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

