চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সঙ্গে চট্টগ্রাম মহানগর এনসিপির সৌজন্য সাক্ষাৎ

0
31

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর এনসিপির একটি প্রতিনিধি দল নগরীর আইনজীবী ভবনস্থ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।

​এসময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন। ​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ​সাক্ষাৎকালে উভয় পক্ষের নেতারা রাজনৈতিক, মিথ্যা ও হয়রানিমূলক মামলা, পারস্পরিক ও নগরীর নাগরিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

​বিশেষ করে, জুলাইয়ের ঘটনাবলি স্মরণ করে অ্যাডভোকেট তারিক আহমদ বলেন, “জুলাইয়ের দিনগুলোর স্মৃতি স্মরণ করে বলছি, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্ব অপরিসীম। আইনজীবীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

​এনসিপি চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব বলেন, “আমরা চট্টগ্রামবাসীর ভাগ্য উন্নয়নে সকল শ্রেণিপেশার মানুষের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এনসিপি মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। কোনো অপরাধী শাস্তি পাক বা না পাক, কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন মিথ্যা মামলায় ফেঁসে না যায় বা কাউকে যেন অন্যায়ভাবে শাস্তি পেতে না হয়। ​মতবিনিময় শেষে উভয় পক্ষের নেতারা ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here