ওমানের ছুর বেলাত শীসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
27

ওমান প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওমানের ছুর বেলাত শীসায় ‘ওমান বেলাত শীসা ঈদে মিলাদুন্নবী (সা.) পরিষদ’-এর উদ্যোগে এক আজিমুশশান আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) ওমানের ছুর বেলাত শীসায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ‘ওমান বেলাত শীসা ঈদে মিলাদুন্নবী (সা.) পরিষদ’-এর সভাপতি মোহাম্মদ জাহেদুল ইসলাম (সওদাগর)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওমান প্রবাসী সুন্নি জনতার সভাপতি এইচ এম মোরশেদ আলম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আব্দুল হক শামসু।

আলোচনা সভায় প্রধান ও বিশেষ বক্তাগণ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন এবং মানবজীবনে তাঁর মহান আদর্শের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ। তাঁর জীবনাদর্শ, শিক্ষা ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, সম্প্রীতি এবং কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব। তারা আরও বলেন, প্রবাসে অবস্থান করেও মহানবী (সা.)-এর আদর্শ ও ইসলামের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে রাসুলুল্লাহ (সা.)-এর মহান চরিত্র, মানবতা, ন্যায়বিচার ও শান্তির বাণী পৌঁছে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দিন। এরপর মোহাম্মদ মেরাজুল আলম মামুন অত্যন্ত মধুর কণ্ঠে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন।

পুরো মাহফিলটি যৌথভাবে পরিচালনা করেন মোহাম্মদ আব্দুল আজিজ ও মোহাম্মদ কামাল উদ্দিন। মাহফিলে ওমানে বসবাসরত বহু ওলামায়ে কেরাম, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মুনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবাররুক বিতরণ করা হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ মাহফিল ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে জীবন পরিচালনার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here