
চট্টগ্রাম প্রতিনিধি:
দেশের চলমান জ্বালানি সংকট, শিডিউল লোডশেডিং, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট এবং নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের গড়িমসির তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এতে সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব।
প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান বেতন দিয়ে মাস চালানো কঠিন। তাই আগামী মাস থেকেই নতুন পে-স্কেল কার্যকর করার দাবি জানান তিনি।
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, প্রবাসী ও তাঁদের স্বজনদের হয়রানি করা হচ্ছে। কর্মসংস্থানের নামে আবারও সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে এবং এতে সরকারের উচ্চপর্যায়ের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
চট্টগ্রামের স্বাস্থ্য ও সড়কব্যবস্থার দুরবস্থার সমালোচনা করে তিনি বলেন, বাণিজ্যিক রাজধানী হলেও উন্নত চিকিৎসার জন্য মানুষকে ঢাকামুখী হতে হচ্ছে। একই সঙ্গে বর্ষাকালে জলাবদ্ধতা ও সড়কের দুর্ভোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি কর্মসংস্থান, আইনশৃঙ্খলা, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিভিন্ন সরকারি উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তিনি দাবি করেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হলে জনরোষ তৈরি হতে পারে। প্রয়োজনে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা ঘোষণা দেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে দলটি প্রতিটি সেক্টরে একক প্রার্থী দিয়ে অংশগ্রহণের প্রস্তুতি নেবে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন এবং চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

