
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
আজ (২৪ জুলাই ২০২৬) বন্যাকবলিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসভার আশকরিয়া পাড়া পরিদর্শন করেন ড. মোহাম্মদ জাকারিয়া। এসময় তিনি বলেন, “শুধু বাঁশখালী নয়, সমগ্র চট্টগ্রামজুড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসনের কাজ শুরু করা হবে।
পরিদর্শনকালে দোস্ত এইড, আল-খায়ের ফাউন্ডেশন ও আল মানাহিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৫০টি পরিবারের মাঝে ৪২ কেজি ওজনের খাদ্যসামগ্রী (ফুড প্যাক) বিতরণ করা হয়। এছাড়াও আয়োজিত বিনামূল্যের স্বাস্থ্যসেবা (হেলথ ক্যাম্প) পরিদর্শন করা হয়। একইসঙ্গে ইপসা (IPSA)-এর উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রিপল এবং আহসানিয়া মিশনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বন্যাদুর্গত মানুষের পাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন মানবিক সংগঠনের এই সম্মিলিত উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

