বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে করপোরেট প্রতিষ্ঠানের এগিয়ে আসার আহ্বান

0
35

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ভয়াবহ বন্যায় হাজার হাজার পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছে। অনেকের ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ঘের ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে দিন কাটছে অসংখ্য অসহায় মানুষের।

এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, শিল্পগ্রুপ, ওষুধ কোম্পানি, এনজিও এবং সেবামূলক প্রতিষ্ঠানের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন।

তিনি বলেন, প্রতিবছর বাঁশখালী থেকে শত শত কোটি টাকার ব্যবসা পরিচালনা করা হয়। তাই এই দুর্যোগের সময়ে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলো যদি পৃথক পৃথক টিম গঠন করে উপজেলার প্রতিটি ইউনিয়নে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবে।

তিনি দেশের বিভিন্ন ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক গ্রুপের প্রতি বিশেষভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এর মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এবি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, বিভিন্ন এনজিও সংস্থা, আকিজ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এস আলম গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, যমুনা গ্রুপ, ইউনিলিভার, বিএসআরএম, কেএসআরএম, শাহ সিমেন্ট, রুবি সিমেন্ট, ডায়মন্ড সিমেন্ট, আরামিট সিমেন্ট, বনফুল, ফুলকলি, স্কয়ার, ইনসেপ্টা, ইবনে সিনা, পপুলার, বেক্সিমকো, রেনেটা, অপসোনিন, এসকেএফ, একমি, এসিআই, রেডিয়েন্ট, নাভানা, নেফ্রোজ-জেএমআই, হামদর্দসহ আরও অসংখ্য প্রতিষ্ঠান।

বিবৃতিতে তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠানের পণ্য বা সেবা বাঁশখালীর প্রায় প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে ব্যবহার করে থাকে। তাই বর্তমান দুর্যোগে প্রতিষ্ঠানগুলোর মানবিক ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দ্রুত ত্রাণ, চিকিৎসাসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনা খাবার ও পুনর্বাসন সহায়তা নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াবে। বিবৃতিদাতা:
মোশাররফ হোসেন, আহ্বায়ক, বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দল। সাবেক সভাপতি, বাঁশখালী পৌরসভা ছাত্রদল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here