বাঁশখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

0
50

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল জাতি গঠনের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) সকালে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু হালদার, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাক্তার মুনির উল্লাহ,, ডাক্তার মোহাম্মদ মুবিন,আবাসিক মেডিকেল অফিসার, ডা. সাইফুল আমিন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ উদ্দীন, মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার, জনাব শাহে এমরান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম, অন্যান্য মেডিকেল অফিসার, এমটি (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে অত্যন্ত কার্যকর। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, সরকারের এই জাতীয় কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। কোনো শিশু যেন এ সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অস্থায়ী বুথে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচি সফল করতে উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও নির্ধারিত বুথে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়েছে, নির্ধারিত বয়সী শিশুদের নিকটস্থ ভিটামিন ‘এ’ ক্যাম্পে নিয়ে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে তাদের সুস্থ, সবল ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here