
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ১৫টি গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার পুলিশ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম ইলশা এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ফজল কাদের (৩৮) তার বসতঘরের পূর্ব পাশে ফসলি জমিতে গাঁজা গাছের চাষ করছিলেন। অভিযানের সময় ওই জমি থেকে ১৫টি গাঁজা গাছ জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফজল কাদের মধ্যম ইলশা এলাকার মৃত আনোয়ার আজিমের ছেলে। বাঁশখালী থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

