
স্টাফ রিপোর্টার: মোহাম্মদ আসাদুল ইসলাম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া এলাকায় মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ জুন) স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা সেবনসহ বিভিন্ন মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের কার্যকলাপের কারণে এলাকায় সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা একাধিকবার সতর্ক করলেও তারা মাদক সেবন ও বিক্রির সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখেন।
বুধবার স্থানীয় জনগণ দুই যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক করে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। ভিডিও স্বীকারোক্তি, স্থানীয়দের সাক্ষ্য এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া এলাকার নুরুল ইসলামের পুত্র মো. জসীম উদ্দিন (৩২)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মোজাফফর আহমদের পুত্র মো. সরোয়ার আলম (৩৫)-কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

