বাঁশখালীতে শ্রমিক দল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

0
30

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল মান্নানের ওপর সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা ও ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাঁশখালী উপজেলা শ্রমিক দল এবং উপজেলার সর্বস্তরের সচেতন জনসাধারণ।

সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১১টায় বাঁশখালী উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, শ্রমজীবী মানুষ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি আনচার উল্লাহ, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি পারভেজ মুজিব, থানা শ্রমিক দলের সহ-সভাপতি সারোয়ার, সহ-সভাপতি জিয়ারউর রহমান, সহ-সভাপতি বদি আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সদস্য ও পৌরসভা নেতা মোহাম্মদ ফরিদ, সহ-সভাপতি সাহাব উদ্দিন, সহ-সভাপতি ফয়জেল কাদের, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, থানা কমিটির সদস্য আবদুল রহিম ও আবুল কালামসহ উপজেলা এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, “আবদুল মান্নানের ওপর পরিচালিত হামলা কেবল একজন রাজনৈতিক নেতার ওপর হামলা নয়; এটি গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংগঠনিক কার্যক্রমের ওপর সরাসরি আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তারা আরও বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার মাধ্যমে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

মানববন্ধন থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— ১. হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে; ২. দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; ৩. ভবিষ্যতে সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

থানা শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং আহত আবদুল মান্নানের দ্রুত সুস্থতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here