
স্টাফ রিপোর্টার :মোহাম্মদ আসাদুল ইসলাম,
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বোরহান উদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৮টায় বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় অলিমিয়ার দোকান সংলগ্ন স্থানে মাদকবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক বোরহান উদ্দিন মৃত তাহের উদ্দিনের ছেলে, অভিযান চলাকালে তার কাছ থেকে দেশীয় মদের খালি বোতল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বোতলগুলোতে মদের গন্ধ পাওয়া যায়। এছাড়া ইয়াবা সেবনের বিভিন্ন আলামত ও ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, উদ্ধার হওয়া সরঞ্জামগুলো ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত হতো।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন। আদালত মাদক সেবনের দায়ে বোরহান উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদ, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক এবং বাঁশখালী থানার অন্যান্য পুলিশ সদস্য।
পুলিশ কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং মাদকসেবী ও মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

