বাঁশখালীর মিয়ার বাজার সড়ক দ্রুত সংস্কার করা হোক

0
117

‌মো. হেফাজ উদ্দিন
শিক্ষার্থী, বাঁশখালী ডিগ্রি কলেজ

বাঁশখালী উপজেলার মিয়ার বাজারের মধ্য দিয়ে পাহাড়ি অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে হাজারো মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় এলাকাবাসীর ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।
এই বাজারটি শুধু একটি স্থানীয় বাজার নয়, বাঁশখালীর বিভিন্ন এলাকা থেকে মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে এখানে আসেন। ফলে প্রতিদিনই এই সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষের চলাচল ঘটে। কিন্তু সড়কের এমন করুণ অবস্থার কারণে তাদের যাতায়াতে নেমে এসেছে চরম ভোগান্তি।
সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে পানি জমে যায় এবং কাদার স্তূপে পরিণত হয় পুরো রাস্তা। এতে পথচারীদের চলাচল মারাত্মক কষ্টকর হয়ে পড়ে এবং যানবাহন চলাচলেও তৈরি হয় বড় ধরনের ঝুঁকি। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের জন্য এই দুর্ভোগ আরও ভয়াবহ।
সবচেয়ে উদ্‌বেগজনক বিষয় হলো- গত বছর এই সড়কেই এক মর্মান্তিক দুর্ঘটনায় এক যুবকের প্রাণহানি ঘটে। কাদাময় রাস্তায় পা পিছলে পড়ে যাওয়ার পর একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপরও সড়কটির উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক ব্যবহার করতে হচ্ছে।
মিয়ার বাজারের এই সড়কটি শুধু একটি পথ নয়, এটি পুরো এলাকার অর্থনীতি ও জনজীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই জনদুর্ভোগ কমাতে ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here