
চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম তৈলার দ্বীপ সেতু। দক্ষিণ চট্টগ্রামের এই দুই উপজেলার মানুষের জন্য সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিন এই সেতু দিয়ে বাঁশখালী, আনোয়ারা, পেকুয়া, মহেশখালী, বদরখালী, চকরিয়া ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করেন। শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিক ও চাকরিজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষের প্রতিদিনের চলাচলের প্রধান ভরসা এই সেতু। কিন্তু দুঃখজনক বিষয় হলো, সময়ের সাথে সাথে সেতুটির অবস্থা দিন দিন ঝুঁকিপূর্ণ ও বেহাল হয়ে উঠছে। সরেজমিনে দেখা গেছে, সেতুর বিভিন্ন স্থানে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। কোথাও লোহার কাঠামো বের হয়ে এসেছে, আবার কিছু জায়গায় লোহার অংশ ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। ফলে সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলের সময় অনেকেই আতঙ্ক নিয়ে পারাপার করছেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে টোল আদায়ের কোনো নিয়ম না থাকলেও দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি বা গোষ্ঠী সেতুটি ইজারা নিয়ে বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করে এসেছে । অথচ সেই অর্থ সেতুর সংস্কার বা রক্ষণাবেক্ষণে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। এলাকাবাসীর দাবি, দক্ষিণ চট্টগ্রামের এত গুরুত্বপূর্ণ একটি সেতুর এমন করুণ অবস্থা দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। দ্রুত সেতুটির অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করা জরুরি। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং সেতুটির নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

