
সরকারের পক্ষ থেকে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। সন্দেহ নেই, এটি একটি মহৎ উদ্যোগ। প্রথম আলোতে প্রকাশিত সংবাদে জানা গেছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এ জন্য দেড় হাজার কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে।
তবে স্বাধীনতা-পরবর্তী সময় থেকে প্রতিবছর যে বৃক্ষরোপণ অভিযান চলে আসছে, সে বিষয়ে কোনো বছরওয়ারি বা মোট পরিসংখ্যান আছে কি না, জানা নেই।
এমন পরিসংখ্যান থাকলে জানা যেত, এ পর্যন্ত কত বৃক্ষ রোপণ করা হয়েছে; প্রজাতি, স্থান, সেগুলোর বর্তমান অবস্থা কী এবং রোপিত বৃক্ষের কত শতাংশ সফলভাবে টিকিয়ে রাখা গেছে। এ ধরনের একটি সমীক্ষা থাকলে সেটি পথনির্দেশিকা হিসেবে আমাদের কাজে আসত এবং বর্তমান বৃক্ষরোপণ পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখতে পারত।

