
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) কাঁচপুর সেতুসংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম এবং উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদার। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ ১০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে সড়কের দুই পাশে পর্যায়ক্রমে আগামী ছয় মাসের মধ্যে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

