বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন শেখ ফাহমিদা সুলতানা

0
50

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শেখ ফাহমিদা সুলতানা। তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা যায়, শেখ ফাহমিদা সুলতানা ৩৪তম বিসিএস (নন-ক্যাডার) এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ২০১৭ সালের ১ নভেম্বর পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়টিকে আধুনিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তাঁর দক্ষ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি বর্তমানে ‘এ’ ক্যাটাগরির স্কুলে উন্নীত হয়েছে। তিনি বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শতভাগ শিশু ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া শিক্ষার্থী রোধ, আনন্দঘন ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সহকারী শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।

বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। তবে শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম হওয়ায় বিদ্যালয়টি এখনো এক শিফটে পরিচালনা করা সম্ভব হয়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।
এছাড়াও দীর্ঘদিনের ভূমি সংক্রান্ত জটিলতা তাঁর আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টায় সমাধান হয়েছে বলে জানা গেছে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতায় একটি নতুন ভবন নির্মাণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে শেখ ফাহমিদা সুলতানাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here